চলতি বছর এখন পর্যন্ত ১০টি নতুন মসজিদ উদ্বোধন করেছে দুবাই। পবিত্র রমজান মাসে আরও পাঁচটি মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এতে চলতি বছর সম্প্রসারণ কার্যক্রমে মোট ১৫টি নতুন মসজিদ যুক্ত হবে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, আবাসিক এলাকায় মসজিদে প্রবেশাধিকার সহজ করা এবং ধর্মীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজানে বাড়তি মুসল্লির চাপ সামাল দিতে সক্ষমতা বৃদ্ধি এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
কর্তৃপক্ষ জানায়, এসব প্রকল্প শুধু নামাজের জায়গা বাড়ানোর জন্য নয়; বরং পাড়া-মহল্লায় মসজিদকে আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে আরও কার্যকর করে তোলার লক্ষ্যও রয়েছে। এতে স্থানীয়দের জীবনমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।