রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৪, | ০১:২৮:০৯ |
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মোস্তফা মতিহার থানার ডাঁসমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী।  তাঁর রাজনৈতিক  সম্পৃক্ততার তথ্য জানা যায়নি।

স্বজনরা জানান, মোস্তফা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। যাওয়ার পথে খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাবার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অচেতন হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত.ঘোষণা করেন।

কে বা কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তাঁর ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেন এ ঘটনা ঘটেছে, সেটি আমরা এখনো জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনো জানতে পারিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..