ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুটি আবাসিক হলসহ পাঁচটি স্থাপনা পরিবর্তনে কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে সিনেটে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলকে ওসমান হাদি হল নামকরণের সুপারিশ রয়েছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম সিন্ডিকেটের সভায় এই বিষয়টি সিনেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নাম পরিবর্তন না হয়ে বিষয়টি ঝুলেই রইলো। সভায় উপাচার্য নিয়াজ আহমেদ খান সভাপতিত্ব করেন।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেটে ডাকসু থেকে দুটি আবাসিক হল, হোস্টেল ও দুটি আবাসিক এরিয়ার নাম পরিবর্তনের বিষয় ছিল। সিন্ডিকেট বিষয়টি সিনেটে রেফার করেছে। এটা বিষয়গুলো পুরোটা সিদ্ধান্ত হয় সিনেটে। সুতরাং সিন্ডিকেট বিষয়টি সিনেটে রেফার করার জন্য সুপারিশ করেছে।
সিন্ডিকেট প্রাথমিক কোনো সিদ্ধান্ত নিয়ে সিনেটে সুপারিশ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। বিষয়টা সিনেটে মার্ক করেছে শুধু। যেহেতু পুরো বিষয়টি সিনেটের এখতিয়ার। শিক্ষার্থীদের দাবিগুলো সিন্ডিকেটে আলোচনা হয়েছে এবং সিনেটে রেফার করা হয়েছে। সিনেটেই বিষয়টি আলোচনা হয়ে যা হওয়ার হবে।’
গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নাম পরিবর্তন করে শুধু ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণ করা হয়। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সিনেটে পাঠানো হয়। পরে হল প্রশাসন নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি দেয়। তবে এবার আর সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত না নিয়ে সিনেটে পাঠিয়ে দিয়েছে।
এর আগে গত ২১ ডিসেম্বর ডাকসু থেকে শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনা পরিবর্তনের দাবিতে উপাচার্যের অফিসের মূল ফটক আটকে বিক্ষোভ করেন ডাকসু নেতারা। এগুলো হলো- শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ কামালের স্ত্রীর নামে অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল, কর্মকর্তাদের আবাসিক ভবন শেখ রাসেল টাওয়ার ও কর্মচারীদের বঙ্গবন্ধু টাওয়ার।
এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ শরীফ ওসমান হাদি ও ফজিলাতুন্নেছা হলের নাম ক্যাপ্টেন সিতারা বেগমের নামে নামকরণের দাবি জানানো হয়েছিল।
এ জাতীয় আরো খবর..