✕


‘স্পাইডার-ম্যান’ সড়ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:৩৯:০৪ |

কমিকসের পাতা থেকে সিনেমার রুপালি পর্দা—সবখানেই নিউইয়র্কের প্রিয় প্রতিবেশী সুপারহিরো স্পাইডার-ম্যানের জনপ্রিয়তা সর্বজনবিদিত। এবার বাস্তব জগতেই চিরস্থায়ী এক সম্মান পেল মার্ভেলের এই জনপ্রিয় চরিত্রটি। ১২ অক্টোবর নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রাস্তার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ উন্মোচন করা হয়েছে। ফরেস্ট হিলসের আসকান অ্যাভিনিউ এবং ইনগ্রাম স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত এই সড়কটি এখন থেকে ভক্তদের জন্য প্রিয় চরিত্রের স্মৃতিবিজড়িত এক নতুন ঠিকানা হয়ে উঠল।

নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য লিন শুলম্যানের বিশেষ উদ্যোগে এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য স্যাম বার্জারের জোরালো সুপারিশে এই ঐতিহাসিক পদক্ষেপটি গৃহীত হয়। ১৯৬২ সালের আগস্টে ‘অ্যামেজিং ফ্যান্টাসি’-র ১৫ নম্বর ইস্যুতে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল স্পাইডার-ম্যানের। লেখক স্ট্যান লি এবং প্রখ্যাত শিল্পী স্টিভ ডিটকোর যৌথ সৃজনশীলতায় জন্ম নেওয়া এই চরিত্রটি ১৯৬৩ সালের মার্চ মাসে নিজস্ব কমিক সিরিজ ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ লাভ করে। একই বছরের ডিসেম্বরে প্রকাশিত কমিকসের সপ্তম সংস্করণে স্পাইডার-ম্যানের ঠিকানা হিসেবে ফরেস্ট হিলস এলাকাটিকে যুক্ত করা হয়। পরবর্তীতে ১৯৮৯ সালে নিশ্চিত করা হয় যে পিটার পার্কারের বাড়ি ইনগ্রাম স্ট্রিটের ২০ নম্বরে। যদিও বর্তমানে সেই বাড়িটির মালিক জ্যাক শি নামের এক ব্যক্তি, যিনি নিজেও এই চরিত্রের বিনয় ও সাহসিকতার প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে স্পাইডার-ম্যান কমিকসের সম্পাদক নিক লো চরিত্রটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা নিয়ে আলোকপাত করেন। আশেপাশে ঘুরে বেড়ানো শিশুদের উচ্ছ্বাস দেখে তিনি মন্তব্য করেন যে, ১৯৬২ সালে তৈরি হওয়া একটি কাল্পনিক চরিত্র আজও যে তরুণ প্রজন্মের হৃদয়ে এতটা স্থান দখল করে আছে, তা সত্যিই বিস্ময়কর। অনুষ্ঠানে স্টিভ ডিটকোর ভাতিজা মার্ক ডিটকো উপস্থিত থেকে জানান, কীভাবে জো সাইমন, জ্যাক কার্বি এবং স্টিভ ডিটকোর সমন্বিত ভাবনায় এই চরিত্রটি জন্ম নিয়েছিল, যা পরবর্তীতে এত বড় বিশ্বজনীন রূপ নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

ষাটের দশকে জন্ম নেওয়া এই চরিত্রটি কেবল কমিকসেই সীমাবদ্ধ থাকেনি, বরং বক্স অফিসেও একের পর এক ইতিহাস গড়েছে। ২০০২ সালে টোবি ম্যাগওয়্যারের প্রথম সিনেমা থেকে শুরু করে ২০১২ সালে অ্যান্ড্রু গারফিল্ডের ‘অ্যামেজিং স্পাইডার-ম্যান’ এবং সাম্প্রতিক সময়ে টম হল্যান্ড অভিনীত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’—প্রতিটি সংস্করণই দর্শকদের বিপুল ভালোবাসায় সিক্ত হয়েছে।  

কাল্পনিক জগতের সুপারহিরোকে সম্মান জানাতে বাস্তবে রাস্তার নামকরণ করার ঘটনাটি বিশ্বজুড়ে স্পাইডার-ম্যান ভক্তদের মাঝে এক নতুন উন্মাদনা ও আনন্দের জোয়ার সৃষ্টি করেছে।

সূত্র: দ্য প্রিন্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..