✕


নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১১:০৪:৪১ |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন ও হেনস্তা করার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস।আট নম্বর টার্মিনালে পৌঁছালে কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় উপস্থিত কয়েকজন তাকে উদ্দেশ করে বিভিন্ন অভিযোগ তোলেন।

ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়। ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও করেন তিনি।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’

তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..