✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ১৪:১৮:৪০ |নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৮) মারা গেছেন।
বুধবার দিনগত গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত হাসান চরকান্দিপাড়ার তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১০-১১ আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ হাসান শেখ বুধবার দিনগত গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এর মধ্যে আহত হাসান শেখ বুধবার দিনগত রাতে মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।