✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৪, | ০১:১৩:৫১ |নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগকে ছাড়াই এশিয়ান গেমসে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে পদক জয়ের লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা। মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। দলের নেতৃত্বে থাকবেন সাহান আরাচ্চিগে।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলের সঙ্গে এশিয়ান গেমসের দলটির বেশ বড় পার্থক্য রয়েছে। ইংল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে হারা শ্রীলঙ্কা দল থেকে এবার জায়গা পেয়েছেন শুধু নুয়ান থুশারা ও থারিন্দু রাত্নায়েকে।
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন চারিথ আসালাঙ্কা। মূল অধিনায়ক কুশাল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো চোটের কারণে সেই সিরিজে খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে এশিয়ান গেমসের দলে ফিরেছেন ফার্নান্দো। এবারের দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন চার ক্রিকেটার। তারা হলেন টপ অর্ডার ব্যাটার সিনেথ জায়াওয়ার্দেনা, উইকেটকিপার-ব্যাটার সোহান ডি লিভেরা, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ওয়ানুজা সাহান ও পেসার গারুকা সানকেথ।
দলে ফিরেছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও। ৩০ বছর বয়সী আরাচ্চিগে শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালের এশিয়ান গেমসের সেই ম্যাচেও দলের অধিনায়ক ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন কিপার-ব্যাটার নিরোশান ডিকওয়েলাও। তিনি সর্বশেষ এই সংস্করণে খেলেছেন ২০২১ সালে।
এশিয়ান গেমসে ক্রিকেটে শ্রীলঙ্কার অতীত রেকর্ড অবশ্য বেশ মিশ্র। ২০১০ সালে গুয়াংজুতে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর এখন পর্যন্ত তিনবার এই ইভেন্টে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে। প্রথম আসরেই ব্রোঞ্জ জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৪ সালের ইনচন এশিয়ান গেমসে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে তারা জেতে স্বর্ণপদক।
তবে সর্বশেষ ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে কোনো পদকই পায়নি শ্রীলঙ্কা। সেবার স্বর্ণ জিতেছিল ভারত, রুপা আফগানিস্তান এবং ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এবারের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে তাদের ম্যাচ। প্রাথমিক পর্বে ছয় দলের লড়াই শেষে কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ চূড়ান্ত হবে।
এশিয়ান গেমসের শ্রীলঙ্কা দল: সাহান আরাচ্চিগে (অধিনায়ক), লাসিথ ক্রুসপুল্লে, নিরোশান ডিকওয়েলা, সিনেথ জায়াওয়ার্দেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্দু রাত্নায়েকে, ওয়ানুজা সাহান, ভিজায়াকান্থ ভিয়াসকান্থ, দুশান হেমান্থা, নুয়ান থুসশারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ।