✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:৩৩:১৮ |চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
গ্রেফতার জুয়েল রানা সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে এবং চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার। মানিলন্ডারিং, মাদক পাচারসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, জুয়েল রানা জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারীদের মধ্যে একজন। গত বছরের ১২ অক্টোবর হেরোইন ও ইয়াবা পাচারের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণা সময় থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, মঙ্গলবার রাতে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকা থেকে জুয়েল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে।