✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:২৬:৪০ |নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল নয়টার দিকে নড়াগাতী থানার চরকান্দিপাড়া এলাকায় সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, আগের একটি হত্যাকাণ্ডের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে আহত ব্যক্তিরা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।