✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:২১:৩১ |দিনাজপুর শহরের হাসপাতাল মোড়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন, দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপ চালান এবং রতন একটি পিকআপ গ্যারেজে কাজ করেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হারুনের বিরুদ্ধে এর আগে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগের তথ্য পাওয়া গেছে।