✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২৩, | ১৮:০৭:০১ |বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেবল উচ্চতর ডিগ্রি, গবেষণা ও একাডেমিক দক্ষতা থাকলেই চলবে না; তাদের দায়িত্ববোধ, নৈতিকতা, সততা ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে ১০ দিনব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষককে শিক্ষার্থী ও সমাজের মানুষ একজন আদর্শ ব্যক্তি হিসেবে অনুসরণ করেন। ফলে একজন শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন গঠনে গভীর প্রভাব ফেলে। শিক্ষকেরা শুধু পাঠদান করেন না; শিক্ষার্থীদের চিন্তা, আচরণ ও সামাজিক দায়িত্ববোধ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’
উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ জানান, উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের লক্ষ্যে সরকার ও ইউজিসি যৌথভাবে একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করছে। এ পরিকল্পনার আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে, যা আগামী নভেম্বর থেকে চালু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্দেশ্যে মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন এবং ইউজিসির কর্মসূচির অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।
গবেষণা ও পিএইচডি ফেলোশিপ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ৫০০ জনকে পিএইচডি ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা করছে ইউজিসি। এ বছর গত বছরের তুলনায় ফেলোশিপের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বাড়ানো হলেও মানসম্মত প্রার্থীর সংকট রয়েছে। দেশে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ ও সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, হিট প্রকল্পের কনসালট্যান্ট অধ্যাপক ড. মোহাম্মাদ মনিনুর রশিদ ও অধ্যাপক ড. মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রকল্পের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট অধ্যাপক ড. মার্ক ও’হারা, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।