জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ নেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সম্পর্ক আরও এগিয়ে নিতে অবদান রাখেন।
স্পিকার প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ক আরও সমৃদ্ধ করেছে। চীন বাংলাদেশকে এ অঞ্চলে পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী। এ লক্ষ্যে আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনার কথা জানান তিনি।
বৈঠকে দুই দেশের বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর স্থাপন, রোহিঙ্গা সংকট ও জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়।
স্পিকার চীনের প্রতি বাংলাদেশের ‘ওয়ান চায়না পলিসি’র সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভোলাসহ দেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদনে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।
এ ছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এক্সিকিউটিভ কাউন্সিলে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর প্রতি চীনের সমর্থন কামনা করেন স্পিকার।
বৈঠকে চীনা দূতাবাস ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..