✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ১৩:১০:০৬ |নেশনস লিগের অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চোটের কারণে একসঙ্গে পাঁচ খেলোয়াড়কে হারিয়েছে দলটি। কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, ত্রিনো লিভরামেন্তো ও কোবি মাইনুকে ছাড়াই নেশনস লিগের শুরুতে মাঠে নামতে হবে কোচ টমাস টুখেলের দলকে।
সোমবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পাঁচ খেলোয়াড়ের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে এভারটনের মিডফিল্ডার জেমস গার্নার ও নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইটকে। বিষয়টি জানিয়েছে রয়টার্স।
ছিটকে যাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচিত নাম কোল পালমার। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর টুখেলের পরিকল্পনায় আবারও ফিরেছিলেন চেলসির এই ফরোয়ার্ড। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে ভালো ছন্দে ছিলেন তিনি। সাত ম্যাচে চার গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন পালমার।
শুক্রবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে চেলসির ম্যাচেও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। জাতীয় দলে ফিরে নিজের জায়গা পাকা করার পথে থাকলেও চোটের কারণে আপাতত সেই সুযোগ হারালেন পালমার।
নেশনস লিগে ইংল্যান্ডের শুরুটাও হচ্ছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। আগামী শনিবার ওয়েম্বলিতে বিশ্বকাপজয়ী স্পেনের মুখোমুখি হবে টুখেলের দল। এরপর ২৯ সেপ্টেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে তারা।
৩ অক্টোবর রিজেকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে ৬ অক্টোবর ওয়েম্বলিতে আবারও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দলটি।
গুরুত্বপূর্ণ এই সূচির আগে একসঙ্গে পাঁচ খেলোয়াড়কে হারানোয় ইংল্যান্ডের প্রস্তুতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।