✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-২২, | ০১:৫১:২০ |আইপিএলের সফলতম দল হয়েও সাম্প্রতিক অতীতে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স হতাশাজনক। ট্রফি জেতা তো দূরের কথা, প্লেঅফ পর্যন্তও পৌঁছতে পারছিলেন না মহেন্দ্র সিং ধোনিরা। দলের এই অন্ধকার কাটাতে এবার ফ্র্যাঞ্চাইজিটির হাল ধরতে চলেছেন জহির খান।
সোমবার জহির খানকে হেড কোচ হিসেবে ঘোষণা দেয় চেন্নাই। ধারণা করা হচ্ছে ধোনির পছন্দেই ফ্রাঞ্চাইজিটির হেড কোচ হিসেবে জহিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। তার আমলে সোনালি সাফল্য পেয়েছে ইয়েলো আর্মি। সুরেশ রায়না-বদ্রীনাথ থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়-দীপক চাহার, সকলেই আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন ফ্লেমিংয়ের কোচিংয়ে। সবমিলিয়ে চেন্নাইকে পাঁচটি আইপিএল দিয়েছেন কোচ ফ্লেমিং। কিন্তু গত তিন মৌসুম টানা ব্যর্থ হয়েছে সিএসকে। একবারও প্লে অফে উঠতে পারেনি দল। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলের ইতিহাসে টানা তিনবার প্লে অফে উঠতে না পারার লজ্জা কখনও ভোগ করতে হয়নি চেন্নাইকে।
২০২৬ সালের আইপিএল শেষ হতেই সিএসকের দায়িত্ব ছাড়েন ফ্লেমিং। ইংল্যান্ডের কোচ হয়ে যান। তারপর থেকেই চর্চা ছিল, আইপিএলের তারকাখচিত দল সামলানোর দায়িত্ব নেবেন কে?
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ধোনিই চেয়েছিলেন কোনো ভারতীয়কে চেন্নাইয়ের কোচ করা হোক। যদিও সিএসকে ম্যানেজমেন্ট বিদেশি কোচের দিকে ঝুঁকেছিল। শেষ পর্যন্ত সিলমোহর পড়ল ধোনির পছন্দেই। যে জহিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে বিশ্বকাপ জিতেছিলেন ক্যাপ্টেন কুল, সেই জহির খানই এবার সামলাবেন চেন্নাইকে।