✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ১৯:৪৩:৪৮ |জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। আপনারা কি কোনো কর্মসংস্থান পেয়েছেন? আমার কোনো ভাই কি চাকরি পেয়েছে?
তিনি বলেন, ‘বিএনপি অবশ্য কর্মসংস্থান নিশ্চিত করেছে। সিএনজি স্টেশনে চাঁদাবাজি নিশ্চিত করেছে। বাস স্টেশনে চাঁদাবাজি নিশ্চিত করেছে। হাটে-বাজারে চাঁদাবাজি নিশ্চিত করেছে।’
আজ শনিবার বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মেগা প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, ‘বিএনপি সরকার মেগা প্রকল্পে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আবার মেগা প্রকল্প ও ‘মেগা দুর্নীতির’ দিকে যাচ্ছে।’
বগুড়ার উন্নয়ন নিয়ে হাসনাত বলেন, ‘গত ছয় মাসে বগুড়ায় কী পরিবর্তন হয়েছে? কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তন ছাড়া নতুন কোনো মিল-কারখানা বা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি না, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন চালু হয়েছে কি না, এসব প্রশ্নের উত্তর দিতে হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে হাসনাত বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার টেনশন নেই। বরং তার পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ দেওয়ার বিষয়ে তিনি ব্যস্ত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে গুম-খুন বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।’
এ সময় কুমিল্লায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তানের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।