✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৭, | ০১:০৪:২৮ |রাশিয়ার কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক তারকা ফুটবলার সামুয়েল এতোওর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।
ক্যামেরুনের অ্যাসোসিয়েশন অব অ্যামেচার ফুটবল ক্লাবস দেশটির ফুটবল ফেডারেশন ও এতো’ওর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ দাবি জানিয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ক্যামেরুন ও রাশিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে রাশিয়ান ফুটবল ইউনিয়নের কাছ থেকে এতো’ও অনিয়মিতভাবে অর্থ গ্রহণ করেছেন।
এসিএফএসির দাবি, দুই ফেডারেশনের মধ্যে হওয়া চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়ান ফুটবল ইউনিয়ন প্রায় ৫ লাখ ৬৭ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার বেশি, এমন একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করেছে।
এ ঘটনায় এতো’ওর বিরুদ্ধে ক্যামেরুনের আদালতে মামলা করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি রাশিয়ান ফুটবল ইউনিয়নের বিরুদ্ধেও রাশিয়ায় আলাদা আইনি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে এতো’ওর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার ২০২১ সালে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। গত মাসে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছিলেন। বিশ্বকাপ আয়োজনসংক্রান্ত একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে চাপের মুখে থাকা ইনফান্তিনো সম্পর্কে এতো’ও বলেছিলেন, তিনি ‘কোনো ভুল করেননি’।