✕


১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন হামেস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৬, | ১৩:৫৯:৫১ |

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেস। জাতীয় দলের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ১৩১ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামেস বলেন, ‘প্রতিটি ম্যাচ, প্রতিটি আনন্দ, প্রতিটি অশ্রু এবং একসঙ্গে দেখা প্রতিটি স্বপ্নের জন্য ধন্যবাদ। কলম্বিয়া জাতীয় দলের রং ধারণ করা আমার জীবনের অন্যতম বড় সম্মান।’

২০১১ সালে কলম্বিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক হয় হামেসের। এরপর দেশের হয়ে ৩১ গোল করেছেন তিনি। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন এই তারকা।

দেশের হয়ে তিনটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকায় খেলেছেন হামেস। ১৩১ ম্যাচ নিয়ে তিনিই এখন কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে বিশ্বমঞ্চে ব্যাপক পরিচিতি পান হামেস। সেই আসরে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে কলম্বিয়া পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।

শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে হামেসের অসাধারণ ভলিটি পরে ২০১৪ সালের ফিফা পুসকাস পুরস্কারে বছরের সেরা গোলের স্বীকৃতি পায়।

২০২৪ সালের কোপা আমেরিকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামেস। তার ছয়টি সহায়তায় কলম্বিয়া ফাইনালে ওঠে। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সময় কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ১৩১ ম্যাচ খেলার রেকর্ড তার দখলে। জাতীয় দলের হয়ে সতীর্থদের দিয়ে ৪৩টি গোল করিয়েছেন তিনি, যা কলম্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ বাছাইপর্বেও কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ১৪ গোল করেছেন হামেস।

গত সপ্তাহে কলম্বিয়ার ক্লাব ফুটবলে ফিরেছেন হামেস। মেজর লিগ সকারের মিনেসোটা ইউনাইটেড ছেড়ে আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

এর আগে রিয়াল মাদ্রিদে খেলেছেন হামেস। স্পেনের এই ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি। এ ছাড়া বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়েও খেলেছেন কলম্বিয়ার এই তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..