✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ১৪:২৬:০৪ |আকস্মিক বন্যায় নেপালের ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতরে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। তবে টানা দু’দিন ধরে উদ্ধার তৎপরতা চালানোর পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে টানেলের প্রবেশপথ পরিষ্কার ও ভেতরে পৌঁছানোর কাজ আরও জোরদার করা হয়।
টানেলের ভেতরে মানুষ আটকে পড়ার খবর পাওয়ার পরপরই প্রবেশপথ খুলে দেওয়ার পাশাপাশি কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান এগিয়ে নিতে উদ্যোগ নেয় সরকার।
টানেলের প্রবেশপথ পরিষ্কার ও অনুসন্ধান কার্যক্রম দ্রুত করতে সেনাবাহিনীর ৬২ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের ২০ জন সদস্যসহ মোট ৮২ জনের একটি যৌথ উদ্ধারকারী দল শুক্রবার রাত থেকে সেখানে টানা কাজ করছে। তবে ওই এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
এদিকে, সহায়তার জন্য ভারতে থেকে আসা একটি উদ্ধারকারী দল ত্রিশূলীতে পৌঁছেছে। দলটি প্রয়োজন অনুযায়ী পরবর্তী উদ্ধার অভিযান শুরুর আগে হেলিকপ্টারে করে চিলিম ও লাংটাং এলাকায় প্রাথমিক আকাশপথে পর্যবেক্ষণ চালানোর পরিকল্পনা করেছে। সূত্র: নেপাল নিউজ।