✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৪:১৮:৫৮ |ইতালির উদ্দেশে যাত্রা করা অভিবাসীবাহী একটি নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় একটি নৌযান দুজনকে উদ্ধার করেছে। শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। পরে সেটি সাগরে ডুবে যায়।
উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে আটকে ছিলেন। অন্য উদ্ধার হওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।
তিউনিসিয়া একসময় ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাস্থল ছিল। তবে গত দুই বছরে দেশটি থেকে ইউরোপমুখী অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে তিউনিসিয়ার কঠোর অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সমুদ্রপথে নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টি রয়েছে।
উত্তর আফ্রিকার এই দেশটি শুধু তিউনিসীয়দের নয়, আফ্রিকার বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসীদেরও গুরুত্বপূর্ণ যাত্রাপথ। তাদের অনেকেই অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তি নিয়েও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। গত জুলাইয়ে ৪৬টি মানবাধিকার সংগঠন অভিযোগ করে, অভিবাসন নিয়ন্ত্রণে ইইউর অর্থায়ন তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সমুদ্রে ঝুঁকিপূর্ণ বাধাদান ও মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী, ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্রে প্রায় ১০ হাজার তিউনিসীয় নিখোঁজ হয়েছেন।
আলজাজিরা