✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৪:১৫:১৮ |সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউ পাওয়ার আশায় ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর প্রবণতা এবার কেড়ে নিল পাঁচ কিশোরের প্রাণ। আয়ারল্যান্ডের কাউন্টি কিলডারের এম৯ মোটোরওয়েতে উল্টো পথে আসা একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই পাঁচ কিশোর নিহত হয়েছে।
রোববার ভোররাত ৩টার দিকে আথি এলাকার ৩ নম্বর জংশনে ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, উল্টো পথে চলা গাড়িটিতে থাকা পাঁচ কিশোরই ঘটনাস্থলে মারা যায়।
দুর্ঘটনায় অন্য গাড়িতে থাকা তিন নারী ও এক শিশুও গুরুতর আহত হয়েছে। তাদের সংকটাপন্ন অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আয়ারল্যান্ডের পুলিশ কমিশনার জাস্টিন কেলি ঘটনাটিকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউ পাওয়ার আশায় মোটোরওয়েতে উল্টো পথে গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা তৈরি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড নিরপরাধ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে।
মাত্র এক সপ্তাহ আগেও রাজধানী ডাবলিনের এম৫০ হাইওয়েতে একই ধরনের দুর্ঘটনায় নয়জন আহত হয়েছিলেন।
দুর্ঘটনায় নিহত পাঁচজনই পুরুষ কিশোর। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাস জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য গাড়ির নারী চালক ও সামনের সিটের আরোহীকে সংকটাপন্ন অবস্থায় টালাট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেছনের আসনে থাকা এক তরুণী ও এক শিশুকেও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি তদন্ত করছে আয়ারল্যান্ডের পুলিশ ওমবুডসম্যান ফিওসরু। দুর্ঘটনার বিষয়ে তথ্য দিতে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ওই সড়কে চলাচলকারী গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ সংগ্রহের আহ্বান জানিয়েছে পুলিশ।
সূত্র: গার্ডিয়ান