✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:০৪:২৪ |ভারতের বিহারের একটি শিবমন্দিরে শ্রাবণ মাসের বিশেষ পূজা উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ভিড়ে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার ভোরে বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, শ্রাবণ মাসের বিশেষ শিবপূজা উপলক্ষে ভোর থেকেই মন্দিরে হাজারো পুণ্যার্থী জড়ো হন। এ সময় মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার এএনআইকে জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থী নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছায়। আগে থেকেই মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। ট্রেন দুটি পৌঁছানোর পর ভিড় আরও বেড়ে যায়।
তিনি বলেন, বিদ্যুতের খুঁটি পড়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পদদলনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, ভিড় নিয়ন্ত্রণে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কিন্তু হুড়োহুড়ির একপর্যায়ে একদিকের ব্যারিকেড ভেঙে যায়। এতে পুণ্যার্থীরা একে অপরের ওপর পড়ে যান। দ্রুত কয়েকজনকে উদ্ধার করা গেলেও প্রচণ্ড ভিড়ের কারণে সবাইকে তাৎক্ষণিকভাবে বের করা সম্ভব হয়নি।
আহতদের লখিসরাই হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতের সংখ্যা সম্পর্কে সাতজনের তথ্য নিশ্চিত করা হলেও আহতদের অবস্থা বিবেচনায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লখিসরাইয়ের অশোকধাম মন্দির ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। এটি ভারতের অন্যতম পরিচিত শিবমন্দির। শ্রাবণ মাসে, বিশেষ করে সোমবার ও শিবরাত্রির দিনে মন্দিরটিতে ভক্তদের ভিড় বেড়ে যায়।
এর আগে গত মার্চে বিহারের নালন্দার শীতলামাতা মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আটজন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন। কয়েক মাসের ব্যবধানে বিহারের আরেক মন্দিরে একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটল।
সূত্র: আন্দুলু