১৫ বছর পর অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ২৩:৩০:২৫ |

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালনের পর পদ ছাড়ছেন টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।

এক প্রতিবেদন এ তথ্য জানায় এনডিটিভি। 

অ্যাপলের নেতৃত্বে দীর্ঘ সময় কাটালেও নিজের উত্তরাধিকার নিয়ে টিম কুকের চাওয়া খুবই সাধারণ। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানুষ যেন তাকে একজন ‘ভালো ও সৎ মানুষ’ হিসেবে মনে রাখে এটাই তার সবচেয়ে বড় প্রত্যাশা।

কুক বলেন, জীবনের শেষ বিচারে মানুষ যদি তাকে এভাবে মনে রাখে, তাহলে সেটিই হবে তার কাছে বড় অর্জন।

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেন টিম কুক। এরপর ২০১১ সালের ২৪ আগস্ট অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব নেন। পরে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

অ্যাপলের সরবরাহব্যবস্থা ও পরিচালন কাঠামো শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্টিভ জবসের মৃত্যুর পর তার কাঁধেই পড়ে অ্যাপলের নেতৃত্বের বড় দায়িত্ব।

কুকের নেতৃত্বে আইফোন ও ম্যাকের মতো হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সেবা ও নতুন প্রযুক্তি খাতে ব্যবসা আরও বিস্তৃত করেছে অ্যাপল।

কুকের ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের ব্যবসার আকারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকে আয় হয়েছে প্রায় ১০ হাজার ৯০০ কোটি ডলার। এই আয় কুকের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরে অ্যাপলের পুরো বছরের আয়ের চেয়েও বেশি।

তবে কুকের কাছে নেতৃত্ব মানে শুধু ব্যবসায়িক সাফল্য নয়। স্টিভ জবসের কাছ থেকে পাওয়া একটি পরামর্শ তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করেছেন— কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ‘জবস কী করতেন’ তা না ভেবে নিজের বিবেচনায় সঠিক কাজটি করা।

টিম কুকের পর অ্যাপলের নেতৃত্বে আসছেন জন টার্নাস। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিইও পদ ছাড়লেও অ্যাপল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিশেষ কিছু কাজে অ্যাপলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। নির্বাচিত কিছু অনুষ্ঠানে তার উপস্থিতিও দেখা যেতে পারে। তবে সিইও পদ ছাড়ার পর অ্যাপলের মূল বক্তব্য বা গুরুত্বপূর্ণ পণ্য উন্মোচন অনুষ্ঠানে আর নেতৃত্ব দেবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..