✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৪:১৭:১৯ |ভারতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ আহ্বান জানিয়েছেন লাদাখের বিশিষ্ট পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক অবস্থানে ধরে রাখতে হলে দেশের শাসনব্যবস্থা ও শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা অপরিহার্য। ওয়াংচুক উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমানে ভারতের প্রায় অর্ধেক সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, যার মধ্যে এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ বিদ্যমান। কোনো নির্দিষ্ট দলের সমালোচনা না করে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দল পরিবর্তন হলেও দেশে দুর্নীতি ও দমনপীড়ন থামেনি, বরং তা বহুগুণ বেড়েছে। থাইল্যান্ড, মালয়েশিয়া বা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের তুলনায় ভারতের পিছিয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি নীতিবান ও যোগ্য নেতৃত্বের অভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
দেশের ভবিষ্যৎ পুনর্গঠনে ওয়াংচুক সমাজের সর্বস্তরের ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ ব্যক্তিদের খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান। নিজ নিজ এলাকা থেকে এমন যোগ্য নারী-পুরুষদের নাম প্রস্তাব করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শিগগিরই তিনি সারা ভারতের চিন্তাশীল ও সাধারণ মানুষের মতামত নিতে বিভিন্ন রাজ্য সফর করবেন।