✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১২:৪৭:৪০ |যুক্তরাষ্ট্রের হাতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও আটক হওয়ার পর জাতীয় পুনর্মিলনের প্রক্রিয়ায় অগ্রগতির ইঙ্গিত হিসেবে ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার দেশটির অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ‘শান্তি ও গণতান্ত্রিক সহাবস্থান কর্মসূচির’ আওতায় এসব বন্দিকে কারাগারে রাখার পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
বিরোধী আন্দোলন ভেন্তে ভেনেজুয়েলা জানিয়েছে, তারা স্বাধীনভাবে ৪৩ জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আর রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে কাজ করা মানবাধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, অন্তত ৪০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক সময়ে ১৩০ জনের বেশি রাজনৈতিক বন্দির মুক্তি ‘দেশটির পুনর্মিলন প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটক করার পর থেকে ভেনেজুয়েলায় মোট ১ হাজার ৪৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
বর্তমানে ভেনেজুয়েলার সরকার পরিচালনা করছেন মাদুরোর সাবেক ডেপুটি প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। দেশটির শাসনব্যবস্থায় ওয়াশিংটনেরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
মুক্তি পাওয়া সাবেক বন্দিদের রাজধানী কারাকাস থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে গুয়াতিরের এল রোদেও-১ কারাগারের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন মুহূর্তে মিলিত হতে দেখা যায়।
ফোরো পেনাল জানিয়েছে, শুক্রবার মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী রয়েছেন। তাদের একজনের বিরুদ্ধে মাদুরোকে হত্যার ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ ছিল।
সংগঠনটি এর আগে জানিয়েছিল, ১০ আগস্ট পর্যন্ত ভেনেজুয়েলার কারাগারগুলোতে ৩৯১ জন রাজনৈতিক বন্দি আটক ছিলেন।
সূত্র: রয়টার্স