✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৪, | ১০:১৮:১৯ |মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে বর্তমানে থাকা 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর স্থলাভিষিক্ত করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন। গত ২০০ দিনে রণতরীটি কোনো বন্দরে থামেনি। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকার কারণে রণতরীটিতে থাকা নাবিকদের জীবনযাত্রার মান এবং সার্বিক কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। গত বছরের নভেম্বরে প্রথম আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।
যুদ্ধকালীন সময়ে অপারেশন এপিক ফিউরি-তে এই বিমানবাহী রণতরী ও এর যুদ্ধবিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পরবর্তীতে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরীটি টানা যুক্ত ছিল। তবে দীর্ঘ সময় ধরে টানা সামরিক অভিযান চলায় এর নাবিকেরা চরম মানসিক ও শারীরিক চাপে রয়েছেন বলে পেন্টাগনকে সতর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। রণতরির নাবিকদের জীবনযাত্রার মান ও সেখানকার প্রকৃত অবস্থা সম্পর্কে পেন্টাগনের কাছে ইতোমধ্যে জরুরি তথ্য চাওয়া হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরীর ভেতরের করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, রণতরীতে মৌলিক সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি পানিদূষণ, পয়োনিষ্কাশনব্যবস্থার সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাকব্যবস্থায় চরম বিঘ্ন ঘটার অনেক খবর পাওয়া গেছে। জাহাজে থাকা সেনাসদস্যদের জন্য পরিবার থেকে পাঠানো বহু প্রয়োজনীয় পার্সেল ও চিঠি পথেই হারিয়ে গেছে এবং কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস মিলছে না বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছ থেকে এই সংকট নিয়ে দ্রুত নতুন তথ্য চাইবেন। দেশের সেবা করা সেনাসদস্যরা যেন অন্তত এটুকু নিশ্চিত থাকেন যে তাদের সঠিক যত্ন নেওয়া হচ্ছে; এমনটাই প্রত্যাশা আইনপ্রণেতাদের। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করে আব্রাহাম লিংকনকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে ওয়াশিংটন।
সূত্র: মিডলইস্ট মনিটর