✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দারুণ প্রত্যাবর্তনে সিরিজ সমতায় শেষ করলো পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৬, | ১০:৪২:৩৯ |

প্রথম টেস্টের হতাশা ঝেড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন করেছে পাকিস্তান। ত্রিনিদাদের দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। একই সঙ্গে দেশের বাইরে টানা আট টেস্ট হারার দুঃস্বপ্ন থেকেও মুক্তি মিলেছে বাবর আজমদের।

৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেই জয় নিশ্চিত করে পাকিস্তান। শেষটা আরও রঙিন করেন বাবর আজম। স্পিনার জোমেল ওয়ারিক্যানকে টানা দুটি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পর প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান।

এর আগে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে আর মাত্র ১৪ রান যোগ করতে পারে। ১১৭ রানে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়দের মোট লিড দাঁড়ায় মাত্র ৭৪ রান। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার আলি উসমান। ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। কিমার রোচকে শূন্য রানে বোল্ড করার পর জাস্টিন গ্রেভস ও শামার জোসেফকেও ফিরিয়ে দেন। আগের দিন চার উইকেট নেওয়া অফ স্পিনার সাজিদ খান এদিন আর বোলিংয়ের প্রয়োজনই পড়েনি। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ব্র্যান্ডন কিং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেও নামতে পারেননি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক ৯ রান করে জাস্টিন গ্রেভসের বলে স্লিপে ক্যাচ দেন। অন্য ওপেনার আজান আওয়াইসও ১৮ রান করে শামার জোসেফের বলে বোল্ড হন। ৪২ রানে দুই উইকেট হারানোর পর আর কোনো বিপদ হতে দেননি বাবর আজম ও আবদুল্লাহ শাফিক। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। দুজনই অপরাজিত থাকেন ২৪ রানে।

প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন আবদুল্লাহ শাফিক। তার সেই ইনিংসই পাকিস্তানের জয় ও সিরিজ সমতায় ফেরার ভিত্তি গড়ে দেয়।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৪৪

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৭

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৬.১ ওভারে ১১৭ (আগের দিন ১০৩/৬) (গ্রেভস ৩, রোচ ০, শামার ৯, ওয়ারিক্যান ২*; আলি ১১-২-৩১-১, উবেইদ ৪-০-১৩-০, উসমান ১৯.১-৪-৪৯-৪, সাজিদ ১২-২-৩২-৪)

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৭৫) ২৩.৩ ওভারে ৭৭/২ (আজান ১৮, ইমাম ৯, শাফিক ২৪*, বাবর ২৪ *; রোচ ২-০-১১-০, ওয়ারিক্যান ১১.৩-৪-৩৮-০, সিলস ৫-১-৯-১, শামার ৪-১-১৭-১, হজ ১-০-২-০)

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী

সিরিজ: ২ ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ

ম্যান অব দা ম্যাচ: আবদুল্লাহ শাফিক

ম্যান অব দা সিরিজ: বাবর আজম ও জাস্টিন গ্রেভস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..