✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন ব্রাজিল গড়ার পরিকল্পনায় আনচেলত্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:১৬:০১ |

২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ার পর এবার নতুন করে দল গঠনের পরিকল্পনায় মনোযোগ দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যৎ শক্তিশালী করতে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

বুধবার ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে তার প্রতিশ্রুতি অটুট রয়েছে। ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তা গ্রহণ করেননি তিনি।

আনচেলত্তি বলেন,‘এটি কোনো চুক্তির বিষয় নয়। এর পেছনে রয়েছে সিবিএফ ও ব্রাজিলের প্রতি আমার প্রতিশ্রুতি। এই দেশ আমাকে প্রথম বছরেই যে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে, তার প্রতি আমার সম্মান রয়েছে।’

২০২৬ বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও শেষ ষোলো থেকেই বিদায় নেয় ব্রাজিল। নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় সেলেসাওদের। আনচেলত্তির অধীনে এটি ১৯৯০ সালের পর ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ বিদায়।

বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘ফলাফল আমাদের জন্য ভালো ছিল না। সবাই হতাশ। তবে এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ব্রাজিলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। তাদের নিয়েই একটি ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।’

এদিকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর দলে নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। অভিজ্ঞ ফুটবলারদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

দল পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন,‘ইতিহাস বলে, একটি প্রজন্মের বিদায়ের পর নতুন প্রজন্মের আগমন ঘটে। এখন আমাদের নতুন একটি চক্র শুরু করার সময়।’

অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো ৩৩ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে কাউকেই পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেননি আনচেলত্তি।

তিনি জানান,‘তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা ব্রাজিলের জন্য অসাধারণ অবদান রেখেছে। তবে ফুটবলে কখনো কখনো একটি অধ্যায় শেষ হয়, আরেকটি অধ্যায় শুরু হয়।’

গত বছরের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। পরে তার সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে সিবিএফ। বিশ্বকাপ পরবর্তী ফিফা উইন্ডোতে নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এছাড়া অক্টোবরে কলকাতায় একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে, যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..