সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৯:১৩:৫৬ |
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে পুঁজি করে ব্যবসায়িক সাফল্যের নতুন রেকর্ড গড়েছে ওয়াল স্ট্রিটের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জেপি মরগান চেজ, সিটি গ্রুপ এবং ওয়েলস ফারগোর সম্মিলিত মুনাফা ২ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মূলত জ্বালানি তেলের বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার জেরে ট্রেডিং ব্যবসার উত্থানের ফলে ব্যাংকগুলো অভাবনীয় সাফল্য দেখেছে। খবর এফটি।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা বয়ে আনলেও বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য তা ভিন্ন চিত্র তৈরি করে। বছরের প্রথম তিন মাসে ইরান যুদ্ধ ও ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মতো ভূরাজনৈতিক ধাক্কাগুলো বৈশ্বিক পণ্যবাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে। এ অস্থিরতায় সুদহারের ভবিষ্যৎ গতিপথ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিনিয়োগ ব্যাংকগুলোর আয়ের একটি বড় অংশ আসে গ্রাহকদের লেনদেন সহজতর করা ও অর্থায়ন থেকে। ফলে বাজারের এ ‘উত্থান-পতন’ কোম্পানির জন্য মুনাফা অর্জনের সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

জেপি মরগান চেজের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জেরেমি বারনাম বিশ্লেষকদের জানান, বাজার যখন অত্যন্ত অস্থিতিশীল বা তারল্য সংকটে ভোগে, তখন গ্রাহকরা লেনদেন থেকে দূরে থাকেন। কিন্তু এবারের অস্থিরতা ছিল অনেকটা নিয়ন্ত্রিত এবং লাভজনক, রেকর্ড মুনাফা করার সুযোগ করে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যাংক হিসেবে জেপি মরগান চেজ আবারো নিজের আধিপত্য প্রমাণ করেছে। মার্চে শেষ হওয়া প্রান্তিকে ব্যাংকটির নিট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬৫০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় ব্যাংকটি ১ বিলিয়ন ডলার বেশি আয় করেছে।

জেপি মরগান জানিয়েছে, প্রতিষ্ঠানের ট্রেডিং বিভাগ থেকে আয় হয়েছে রেকর্ড ১ হাজার ১৬০ কোটি ডলার। বন্ড ও শেয়ারবাজারের লেনদেন থেকে এ বিশাল অংকের রাজস্ব এসেছে।

এদিকে দীর্ঘদিন ধরে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া সিটি গ্রুপ গত প্রান্তিকে বড় সাফল্য দেখেছে। ১০ বছরের মধ্যে এক প্রান্তিকে ব্যাংকটি সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম প্রান্তিকে সিটির নিট আয় ৪২ শতাংশ বেড়ে ৫৮০ কোটি ডলারে পৌঁছেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ৪৯০ কোটি ডলারের তুলনায় অনেক বেশি।

সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার জানিয়েছেন, ব্যাংকটিকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন, তা এখন প্রায় শেষের পথে।

অন্য ব্যাংকগুলোর তুলনায় ওয়েলস ফারগো মূলত সাধারণ গ্রাহক বা ‘মেইন স্ট্রিট’ ব্যবসার ওপর বেশি নির্ভরশীল। তা সত্ত্বেও প্রথম প্রান্তিকে ব্যাংকটি ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৫৩০ কোটি ডলার মুনাফা করেছে। ব্যাংকটির জন্য একটি বড় মাইলফলক হলো ঋণের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার যাওয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..