চেরি ব্লসম: বসন্তে ‘রঙিন’ পণ্যে ক্রেতা টানছে খাদ্য ও পানীয় ব্র্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৭:২৫:৪৬ |
বসন্তের আগমনে দক্ষিণ কোরিয়ায় চেরি ব্লসম বা চেরি ফুল ফোটার সঙ্গে সঙ্গে দেশটির খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতে বইছে উৎসবের আমেজ।

প্রতি বছরের মতো এবারো সীমিত সময়ের জন্য বিশেষ ‘স্প্রিং মেনু’ নিয়ে হাজির হয়েছে নামি-দামি ব্র্যান্ডগুলো। মূলত ঋতুভিত্তিক চাহিদাকে পুঁজি করে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোই এ কৌশলের মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডগুলো বর্তমানে হালকা গোলাপি রঙের পানীয় থেকে শুরু করে চেরি ফুলের নকশা করা প্যাকেজিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চেরি ব্লসমের মৌসুম অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এ সময় মানুষের বাইরে ঘোরাঘুরি এবং ভ্রমণ বহু গুণ বেড়ে যায়। কোম্পানিগুলো এ সুযোগকে কাজে লাগিয়ে দোকানে গ্রাহকের সমাগম বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়াচ্ছে। বিশ্বখ্যাত চেইন শপ স্টারবাকস কোরিয়া এবার বাজারে এনেছে ‘চেরি ব্লসম হোয়াইট পিচ ক্রিম ফ্র্যাপুচিনো’। আগে পানীয়টি কেবল জাপানে পাওয়া যেত। তবে এবারই প্রথম দক্ষিণ কোরিয়ায় এটি লঞ্চ করা হয়েছে। এ পানীয়তে মিষ্টি সাদা পিচের স্বাদের সঙ্গে চেরি ফুলের হালকা সুগন্ধ যুক্ত করা হয়েছে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে মিল্ক পুডিং এবং পিচ জেলির চমৎকার মিশ্রণ। পাশাপাশি স্টারবাকস বিশেষ চেরি ব্লসম মগসহ বিভিন্ন মার্চেন্ডাইজ বা পণ্যও বাজারে ছেড়েছে।


পিছিয়ে নেই অন্য চেইনগুলোও। পল বাসেটের মেনুতে জায়গা করে নিয়েছে চেরি ব্লসম ক্যাফে ল্যাটে, দইভিত্তিক ফ্র্যাপে ও ফ্লোরাল ফ্লেভারের মাচা ল্যাটে। ব্র্যান্ডটির আইসক্রিম আইটেমগুলোয়ও স্বাদের পাশাপাশি নান্দনিক দৃশ্যায়নের ওপর জোর দেয়া হয়েছে।

শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমিত সময়ের এসব বিশেষ ক্যাম্পেইন দোকানে ক্রেতার ভিড় এবং স্বল্পমেয়াদে বিক্রি বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। তাদের মতে, বসন্ত উপলক্ষে আনা বিশেষ সংস্করণের পণ্যগুলো এখন শুধু নতুনত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এগুলো ব্র্যান্ডের পরিকল্পনা, দক্ষতা ও ট্রেন্ড নির্ধারণের সক্ষমতা তুলে ধরছে। —খবর কোরিয়া হেরাল্ড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..