বিশ্ববাজারে তামার দাম নিম্নমুখী, অ্যালুমিনিয়ামের উর্ধ্বমুখী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৫৭:১৫ |
আন্তর্জাতিক বাজারে তামার দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ১২ হাজার ২৬৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে এই দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল। মূলত বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দার আশঙ্কা এবং তামার বিশাল মজুদের কারণে এই দরপতন ঘটেছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরানের আলোচনার সম্ভাবনা নাকচ করার পর বিশ্ববাজারে তামা ও অ্যালুমিনিয়ামের দামে ভিন্নমুখী প্রবণতা দেখা গেছে। গত বৃহস্পতিবার লন্ডনের মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমলেও আশঙ্কাজনকভাবে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। খবর বিজনেস রেকর্ডার।


আন্তর্জাতিক বাজারে তামার দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ১২ হাজার ২৬৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে এই দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল। মূলত বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দার আশঙ্কা এবং তামার বিশাল মজুদের কারণে এই দরপতন ঘটেছে। বর্তমানে তামা মজুদের পরিমাণ গত আট বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা বছরের শুরুর তুলনায় প্রায় ১৫০ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন উদ্বেগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে গত বুধবার চীনা ক্রেতাদের তামা কেনার আগ্রহ এবং ডলারের বিনিময় হার কিছুটা কমায় এ ধাতুর বাজারে সাময়িক চাঙ্গা ভাব দেখা গিয়েছিল।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ২৯০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে, যা গত ২০ মার্চের পর সর্বোচ্চ। বিশ্বের মোট অ্যালুমিনিয়াম সরবরাহের প্রায় ৯ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই অঞ্চলের কারখানাগুলো থেকে পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে যুদ্ধ বন্ধে আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই। অন্যান্য ধাতুর মধ্যে দস্তার দাম বাড়লেও সিসা, নিকেল ও টিনের দাম কিছুটা কমেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..