বিশেষজ্ঞদের মতে, শিশুদের এসব বিউটি পণ্যের প্রয়োজন নেই। এটি খুব অল্প বয়সে চেহারা নিয়ে অতিরিক্ত মনোযোগ উদ্বেগ তৈরি করতে পারে। শিশুদের ত্বক তুলনামূলক বেশি সংবেদনশীল হওয়ায় অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শে এলে ভবিষ্যতে ত্বকের জ্বালা বা সংবেদনশীলতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে
মেয়ে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে সৌন্দর্যপণ্য ব্র্যান্ড সেফোরা ও বেনিফিট কসমেটিকসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগ উঠেছে, ‘কসমেটিকোরেক্সিয়া’ নামে পরিচিত অস্বাস্থ্যকর স্কিনকেয়ার-আসক্তি বাড়িয়ে তোলে এমন ‘গোপন বিপণন কৌশল’ ব্যবহার করছে তারা। খবর দ্য গার্ডিয়ান।
ইতালিয়ান কম্পিটিশন অথরিটি জানিয়েছে, ব্র্যান্ড দুটির ফেস মাস্ক, সিরাম ও অ্যান্টি-এজিং ক্রিমের মতো স্কিনকেয়ার পণ্যের প্রচার-প্রচারণা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে ১০ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
সংস্থাটি বলেছে, এ ধরনের চর্চা ‘কসমেটিকোরেক্সিয়া’ অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের মধ্যে স্কিনকেয়ার নিয়ে অতিরিক্ত আসক্তি সমস্যার সঙ্গে যুক্ত।
সেফোরা ও বেনিফিট দুই ব্র্যান্ডই ফরাসি বিলাসপণ্য গ্রুপ এলভিএমএইচের মালিকানাধীন। নিয়ন্ত্রকের মতে, তারা ‘বিশেষভাবে কৌশলী ও সূক্ষ্ম বিপণন পদ্ধতি’ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে খুব কমবয়সী মাইক্রো-ইনফ্লুয়েন্সারদের ব্যবহার, যারা ‘ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর’ মধ্যে প্রসাধনী পণ্যের প্রতি অতিরিক্ত ও বাধ্যতামূলক কেনাকাটার প্রবণতা উসকে দেয়।
নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ইতালির ফাইন্যান্সিয়াল পুলিশকে সঙ্গে নিয়ে তারা বৃহস্পতিবার সেফোরা ইতালিয়া ও এলভিএমএইচের অন্যান্য কার্যালয়ে তল্লাশি চালিয়েছে।
উচ্চমূল্যের বিউটি ব্র্যান্ডগুলো খুব অল্পবয়সী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে ‘সেফোরা কিডস’ নামে একটি প্রবণতা তৈরি হয়েছে। যেখানে প্রাক-কিশোরীদের মধ্যে বিলাসবহুল বিউটি পণ্যের প্রতি এক ধরনের গভীর আকর্ষণ দেখা যায়।
সেফোরা এর আগে এ প্রবণতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে। ২০২৪ সালের এক সাক্ষাৎকারে সেফোরা নর্থ আমেরিকার প্রধান নির্বাহী আর্টেমিস প্যাট্রিক বলেন, ‘আমরা এই ভোক্তাদের লক্ষ্য করে বিপণন করি না।’
তবে চর্মরোগ বিশেষজ্ঞরা এই প্রবণতার তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, শিশুদের এসব বিউটি পণ্যের প্রয়োজন নেই। এটি খুব অল্প বয়সে চেহারা নিয়ে অতিরিক্ত মনোযোগ উদ্বেগ তৈরি করতে পারে। শিশুদের ত্বক তুলনামূলক বেশি সংবেদনশীল হওয়ায় অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শে এলে ভবিষ্যতে ত্বকের জ্বালা বা সংবেদনশীলতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
‘কসমেটিকোরেক্সিয়া’ বলতে এমন এক ধরনের আসক্তিকে বোঝায়, যেখানে ‘নিখুঁত’ ত্বক পাওয়ার জন্য অতিরিক্ত, বয়স-অনুপযুক্ত বা বাধ্যতামূলকভাবে প্রসাধনী ব্যবহার করা হয়।
এলভিএমএইচ জানিয়েছে, সেফোরা ও বেনিফিট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। আর সংশ্লিষ্ট সব কোম্পানি ইতালির প্রযোজ্য আইন কঠোরভাবে মেনে চলছে।
এ জাতীয় আরো খবর..