আন্তর্জাতিক বাজারে ১৭ মাসের মধ্যে সর্বোচ্চে কয়লার দাম

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে কয়লার দাম ২০ শতাংশের বেশি বেড়েছে | ছবি : রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৩৫:৪২ |
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত শুক্রবার বিশ্ববাজারে প্রতি টন কয়লা ১৪০ ডলারের ওপরে লেনদেন হয়েছে, যা ২০২৪ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। মূলত জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর হেলেনিক শিপিং নিউজ।


ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে কয়লার দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো নিজেদের বিদ্যুৎ উৎপাদনে এখন তেল ও গ্যাসের বিকল্প হিসেবে কয়লার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক দেশ যারা পরিবেশ রক্ষার খাতিরে কয়লার ব্যবহার কমিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা আবারো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে সচল করছে।

বিশেষ করে জাপানসহ বেশকিছু উন্নত দেশ এরই মধ্যে জ্বালানি নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সৃষ্ট জ্বালানি ঘাটতি মোকাবেলা করতে জাপান তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। শিল্পোন্নত দেশগুলোর এ অতিরিক্ত চাহিদাও কয়লার দামকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে কয়লার এ মূল্যবৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের বেশকিছু বড় বিদ্যুৎ কেন্দ্র আমদানীকৃত কয়লার ওপর নির্ভরশীল। বিশ্ববাজারে প্রতি টন কয়লার দাম ১৪০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জাতীয় বাজেটের ওপর চাপ পড়ার পাশাপাশি সাধারণ মানুষের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বর্তমান পরিস্থিতিতে আগামী ১০ দিনের কূটনৈতিক আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। যদি আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত না হয় এবং সামরিক সংঘাত আরো ছড়িয়ে পড়ে, তবে কয়লাসহ অন্যান্য জ্বালানি পণ্যের দাম আরো আকাশচুম্বী হতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..