✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকিস্তান-ভারতকে এক ছাতার নিচে আনল যে ২ ঘটনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৮, | ১২:০০:২০ |
পাকিস্তান আর ভারতের রাজনৈতিক সম্পর্ক বহু বছর ধরেই বৈরি। তবে ক্রিকেটের মাঠ সেই রাজনীতির আঁচ থেকে নিরাপদ দূরত্বে ছিল এই বছর চারেক আগেও। দুই দলের লড়াইয়ের একটা বড় অংশ হয়ে গিয়েছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হাস্যোজ্জ্বল সব মিষ্টি ছবি। 


তবে শেষ কয়েক বছরে সেই হৃদ্যতাও উবে গেছে। চিরপ্রতিদ্বন্দ্বী থেকে দুই দল বনে গেছে একে অপরের ‘শত্রু’, ঠিক রাজনীতির মতো করে। সবশেষ এশিয়া কাপে দুই দলের দেখা হয়েছে ৩ বার, একবারও দুই অধিনায়ক সালমান আলী আগা আর সূর্যকুমার যাদব হাত মেলাননি। সাবেকরাও একে অপরকে কথার বাণে বিদ্ধ করছেন হরহামেশাই। 

এবার তো সে ‘শত্রুতা’ ভিন্ন মাত্রাই পেয়ে গেছে। ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়ে দিয়েছে পাকিস্তান। ঠিক সেই পরিস্থিতিতে এসে দুই দলকে এক ছাতার তলায় নিয়ে এল ২টি ঘটনা। ২০২৬ বিশ্বকাপের প্রথম দিনে পাকিস্তান আর ভারত যেন বনে গেল একই বৃন্তে দুটি ফুল!

দুই দলের সূচিতে একটা মিল আগে থেকেই ছিল। বিশ্বকাপের শুরুর দিনেই মাঠে নামছিল দুই দল। আবার তাদের প্রতিপক্ষও ছিল প্রায় একই ক্যাটাগরির; নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্র, দুই দলই যে সহযোগী সদস্য!

তবে এই দুই দলের বিপক্ষেই পাকিস্তান আর ভারতকে পরে যেতে হয়েছিল রীতিমতো হারের শঙ্কায়। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান যেমন ব্যাটিংয়ে ধসের কবলে পড়েছিল, বর্তমান চ্যাম্পিয়ন ভারতও একই পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। 

কলম্বোয় গতকাল দিনের শুরুতে নেদারল্যান্ডসকে ১৪৭ রানে আটকে দিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে শুরুটা করেছিল দুর্দান্ত। ৬ ওভারে ৬১ আর ১০ ওভারে ৯০ রান তুলে বসেছিল সাবেক চ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল বড় জয় নিয়ে বুঝি নেট রান রেটটাও ভালো অবস্থানে নিয়ে যেতে চলল দলটা।

এরপরই অ্যান্টি ক্লাইম্যাক্স। ৯৮/২ থেকে পরের ১৬ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। তবে শেষমেশ দলের ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ, তার ১১ বলে ২৯ রানের দারুণ ক্যামিওতে ভর করে পাকিস্তান তুলে নেয় ৩ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়।

ভারতও পাকিস্তানের মতোই ব্যাটিং ব্যর্থতায় পড়ে গিয়েছিল। ৭৭ রানে ৬ উইকেট খুইয়ে রীতিমতো ধুকছিল যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সামনে। তবে সেখান থেকে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৪৯ বলে ৮৪ রানের এক ইনিংস ভারতকে নিয়ে যায় ১৬১ রানে, শেষমেশ তারা তুলে নেয় ২৯ রানের বড় এক জয়।

তবে দুই দলের মিল এখানেই শেষ নয়। পাকিস্তান আর ভারতের ত্রাতা হয়ে আসা ফাহিম আশরাফ আর সূর্যকুমার যাদবের ইনিংসেও মিল আছে।

১৯তম ওভারে ফাহিম যখন ৫ বলে ৯ রান করেছেন, তখনই ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে ম্যাক্স ও’ডাউড ক্যাচটা নিতে পারেননি শেষমেশ। আগের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফাহিম, সেবার ‘জীবন’ পেয়ে পরে ছক্কা হাঁকান আরও ২টি; পাকিস্তানের জয়টাও অনেকটা নিশ্চিত হয়ে যায় ওই ওভারেই।

সূর্যকুমারও একই রকমের ‘উপহার’ পেয়েছেন। ভারত যখন ৬৩ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকছে, সূর্যকুমার তখন অপরাজিত ছিলেন ১৫ রানে।

বোলার শুভম রাঞ্জানের বলে ফিরতি ক্যাচ তুলে দেন তিনি, তবে রাঞ্জানে সে সুযোগটা লুফে নিতে পারেননি, সূর্যকুমার রক্ষা পেয়ে যান সে যাত্রায়। ভারত অধিনায়কের ব্যাটিং আমূলে বদলে যায় সেই ওভারের পর, সে ‘জীবন’ পাওয়ার আগ পর্যন্ত তার নামের পাশে ১৫ রান ছিল ১৭ বল খরচায়। এরপর তিনি খেলেছেন আরও ৩২ বল, রান তুলেছেন আরও ৬৯টি। সেই ইনিংসই ভারতের জেতার ভিত গড়ে দেয়, যুক্তরাষ্ট্রকে ছিটকে দেয় ম্যাচ থেকে। 

দুই ক্যাচ মিসের সুবাদে সহযোগী দুই দেশের বিপক্ষে জয় এভাবেই বিশ্বকাপের প্রথম দিনে এক সুতোয় গেঁথেছে দুই চিরবৈরি দেশ পাকিস্তান আর ভারতকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..