✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:৩৩:২৬ |

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে দেড় কোটি টাকা। দুই পাশে সংযোগ সড়ক ছাড়াই এটি দাঁড়িয়ে আছে। ফলে মই দিয়ে সেতুর ওপরে উঠতে-নামতে হয়। যা রীতিমতো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কয়েক হাজার মানুষের।

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশে সেতু নির্মাণ করা হয়। নির্মাণের দুই বছর পার হলেও দুই পাশে সংযোগ সড়ক হয়নি।

এলাকাবাসী জানান, এই সেতু দিয়ে তিন গ্রামের মানুষ চলাচল করেন। প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ যাতায়াত করে। এরমধ্যে অনেকেই রোগী। যারা গালুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যেতে চান।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২২ সালে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সেতুর কাজ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে।

তবে স্থানীয়দের দাবি, প্রকৃতপক্ষে কাজ শুরু হয় ২০২৩ সালের মাঝামাঝি সময়ে। এরপর সংযোগ সড়ক না করেই মূল সেতুর কাজ শেষ করে চলে যায় ঠিকাদার।

খোঁজ নিয়ে জানা যায়, এই প্রকল্পের ঠিকাদার ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। তিনি বর্তমানে অস্ত্র মামলায় ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে। এ অবস্থায় প্রকল্পের অসমাপ্ত অংশ কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।

গালুয়া এলাকার আমিনুল ইসলাম বলেন, সেতু থাকলেও দুই বছর ধরে আমরা মই বেয়ে সেতু পার হচ্ছি। রোগী, স্কুল শিক্ষার্থীরা সবাই কষ্ট পাচ্ছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য দ্রুত পুনরায় দরপত্র আহ্বান করা হবে। আগামী দেড় মাসের মধ্যে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

- ঝালকাঠি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..